বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা
সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে মোটরসাইকেলের ধাক্কায় সুহেনা আক্তার (২২) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (৩১ মে) বিকেলে পৌরশহরের দক্ষিণ বাজার সিএনজি স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুহেনা আক্তার বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকার আলিমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে। তার সাথে পাওয়া কাগজপত্র থেকে জানা গেছে, তিনি বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী।
জানা যায়, কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে সিএনজি স্ট্যান্ডে দাঁড়ানো কলেজশিক্ষার্থীকে মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি কাভার্ড ভ্যানের পেছনের চাকার সাথে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) ছবেদ আলী জানান, দুর্ঘটনায় এক কলেজশিক্ষার্থীর নিহতের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গেছে। কাভার্ড ভ্যানের চালক ও মোটরসাইকেলচালক পালিয়ে গেলেও গাড়ি দু’টি পুলিশ জব্দ করেছে।



