দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ |নয়া দিগন্ত

দিনাজপুরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরের দিকে বিরামপুর বিজুল বাজারের সামনে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালক রাশেদুল ইসলাম নিহত ও অপর ট্রাকের চালক আহত হয়েছেন। নিহত ট্রাক চালক রাশেদুলের বাড়ি দিনাজপুর শহরের বালুবাড়িতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর একটি ট্রাকের চালক রাশেদুল সিটের সাথে চাপা পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এ ঘটনায় হেলপার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টরা উদ্ধার কার্যক্রম চালান। বিরামপুর থানা পুলিশ জানায়, এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।

এদিকে দিনাজপুরের ফুলবাড়ীতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরবাইকের ধাক্কায় দ্বীপ সাহা (৩০) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারাইহাট এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দ্বীপ সাহা ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম কাঁটাবাড়ী মহল্লার দিলীপ সাহার ছেলে। তিনি পেশায় মুদি ও ফল ব্যবসায়ী ছিলেন। ফুলবাড়ী মেইন রোডের গামার গলির মুখে তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’