ছুরিকাআহত হয়েও ডাকাতকে ছাড়েননি যুবক, দিলেন পুলিশে

ডাকাতির সময় ডাকাতকে জাপটে ধরেন যুবক। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে গুরুতন আহত হন তিনি। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)

Location :

Cox's Bazar
আটক ডাকাত মো: ইউনুছ
আটক ডাকাত মো: ইউনুছ |নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁওতে বসতঘরে ডাকাতির সময় এক ডাকাতকে জাপটে ধরেন যুবক শাহাদত আনোয়ার (২৬)। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোদাইবাড়ী গ্রামে আবদুল মালেকের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আনোয়ার ওই গ্রামের আবদুল মালেকের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক ডাকাত মো: ইউনুছ কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাসিন্দা মরহুম মনির হোসেনের ছেলে। তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

ডাকাত কবলিত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ বসতঘরের দ্বিতীয় তলার দরজার তালা ভাঙ্গার শব্দে আনোয়ারের ঘুম ভেঙে যায়। পরে তিনি দেখতে পান ঘরে ডাকাত হানা দিয়েছে। তখন তিনি ডাকাত ডাকাত চিৎকার করে এগিয়ে গেলে এক ডাকাত তার বুক লক্ষ্য করে ছুরিকাঘাত করলে তিনি তা প্রতিহত করেন ও ডাকাতকে জাপটে ধরে ফেলেন।

অবস্থা বেগতিক দেখে অন্য ডাকাতরা পালিয়ে যান। এ সময় ছুরির আঘাতে তার ডান হাতের বাহুতে গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।

আহতের চাচা সরওয়ার জানান, ডাকাত দল আহতের মোবাইল, হাতের আংটি ও অন্য জিনিস নিয়ে পালিয়ে যায়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে ইউনুছের বিরুদ্ধে পোকখালী ইউনিয়নের পশ্চিম পোকখালী মালমুড়া পাড়া এবং ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়া এলাকায় বসতবাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে।