লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ ৩ ডাকাত গ্রেফতার

একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে একটি দেশীয় এলজি বন্দুক এবং পাঁচ রাউন্ড কার্তুজসহ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়।

আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর

Location :

Lakshmipur
অভিযানে গ্রেফতার তিন ডাকাত
অভিযানে গ্রেফতার তিন ডাকাত |নয়া দিগন্ত

‎লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাটখিল থানা এলাকার মরহুম শাহাব উদ্দিন প্র: হেঞ্জার ছেলে বেলাল হোসেন প্র: বেলাল (৪৮), লক্ষ্মীপুর সদরের পূর্বচর মনসা এলাকার নুরুল ইসলামের ছেলে মো: আরিফ (৩৬) এবং রাজীবপুর গ্রামের নুর হোসেনের ছেলে মো: ফাহিম (২১)।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়নের মান্দারী বাজার ব্রিজের পাশে মাছ বাজার সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে একটি দেশীয় এলজি বন্দুক এবং পাঁচ রাউন্ড কার্তুজসহ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়।

‎লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো: রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।