ঈদের আনন্দ ভাগাভাগি করতে শ্রীপুরে জুলাই শহীদ পরিবারের পাশে জামায়াত

মঙ্গলবার (২৬ মে) বিকেলে শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে এ সহায়তা তুলে দেয়া হয়।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Sripur
শ্রীপুরে শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার ও আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী
শ্রীপুরে শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার ও আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী |নয়া দিগন্ত

জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্যদের মুখে ঈদের আগে একটু হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গাজীপুরের শ্রীপুরে শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার ও আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে এ সহায়তা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা আমির মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি মো: আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌর আমির ডা: মো: আনিসুজ্জামান, পৌর সেক্রেটারি মো: আবুল হোসাইন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আফজাল হোসাইন খান।

এসময় ১০ জন শহীদ পরিবারের সদস্যদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা দেয়া হয়। পাশাপাশি তাদের হাতে ঈদ উপহারও তুলে দেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জুলাই আন্দোলনের শহীদরা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। তাদের এই আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। শহীদ পরিবারের শোক ও কষ্ট কোনোভাবেই পূরণ হওয়ার নয়, তবে তাদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব।’

সহায়তা গ্রহণ করতে এসে অনেক পরিবারের সদস্যই আবেগাপ্লুত হয়ে পড়েন। কারো চোখে ছিল হারানো সন্তানের স্মৃতি, কারো কণ্ঠে ছিল স্বামী হারানোর দীর্ঘশ্বাস। ঈদ সামনে এলেই প্রিয়জনকে হারানোর বেদনা যেন আরো গভীর হয়ে ওঠে। তবুও এমন সহানুভূতি ও ভালোবাসার স্পর্শ তাদের হৃদয়ে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

এক শহীদ পরিবারের সদস্য বলেন, ‘আমরা আমাদের আপন মানুষটিকে আর কখনো ফিরে পাব না। কিন্তু মানুষ যখন আমাদের কথা মনে রাখে, পাশে দাঁড়ায়, তখন মনে হয় আমরা একা নই।’

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, শহীদ পরিবারের প্রতি সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে।

শুধু আনুষ্ঠানিক সহায়তা নয়, ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শোক, শ্রদ্ধা ও মানবিকতার মিশেলে ঈদের আগে এ আয়োজন শহীদ পরিবারের সদস্যদের হৃদয়ে কিছুটা হলেও আশার আলো জাগিয়েছে।