কুষ্টিয়ার মিরপুরের চিহ্ণিত মাদককারবারি জাহিদকে গ্রেফতার করতে গিয়ে মাদককারবারিদের হামলায় মিরপুর থানার দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।
সোমবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন মিরপুর থানার এএসআই শামসু ও এএসআই ফারুক। তারা বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় মিরপুর থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মশান এলাকার চিহ্নিত মাদককারবারি জাহিদের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তার প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশির চেষ্টা করে।
এ সময় জাহিদ ও তার সহযোগীরা পুলিশের সাথে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ জাহিদকে আটক করতে গেলে সে এএসআই শামসু ও এএসআই ফারুকের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের মারধর করে আহত করে। খবর পেয়ে রাত ১০টার দিকে ওসি (তদন্ত) আব্দুল আজিজের নেতৃত্বে থানার একটি পুলিশ বহর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সাঁড়াশি অভিযান চালিয়ে মশান এলাকা থেকে মাদককারবারি জাহিদকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তার প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসাথে মাদক বহনে ব্যবহৃত তার ব্যক্তিগত প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।
ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মিরপুর এলাকার অন্যতম শীর্ষ ও কুখ্যাত মাদককারবারি জাহিদকে গ্রেফতার করতে গেলে সে আমাদের দু’জন পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাদের আহত করে। আহত কর্মকর্তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
তিনি জানান, এই ঘটনায় সরকারি কাজে বাধা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।



