সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে মহাসড়কের পাশে মহামায়া ফার্নিচার সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) সকালে ডোবায় লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুর ১২টার লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, ওই ব্যক্তিকে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় গোয়ালাবাজারের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যেত।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, ‘ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় লোকটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমি ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি।’



