মুরাদনগরে চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, গ্রেফতার ২

এ ঘটনায় ছয় মাসের গ্যাস বিল ও জরিমানা বাবদ মোট ১ কোটি ৬১ লাখ ২৪ হাজার ২২৪ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
গ্রেফতার দুইজন
গ্রেফতার দুইজন |নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুন কারখানা পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার সংচাইল গ্রামের মোমেন মিয়া (৫০) এবং মুরাদনগর উপজেলার কুলুবাড়ী গ্রামের মো: বিল্লাল (৫৩)।

মামলা সূত্রে জানা যায়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) দেবিদ্বার শাখার ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ গত মঙ্গলবার (১৬ জুন) মুরাদনগর থানায় একটি মামলা করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ছয় মাস ধরে কুলুবাড়ী-নবীনগর সড়কের পশ্চিম পাশে বিজিডিসিএলের ২ ইঞ্চি বিতরণ লাইনের সাথে অবৈধভাবে সংযোগ নিয়ে একটি চুন কারখানা পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দুপুরে বাখরাবাদ গ্যাসের কর্মকর্তারা সেখানে অভিযান চালান।

অভিযানের সময় অবৈধ সংযোগের কাজে ব্যবহৃত চারটি উচ্চচাপ সহনশীল হোস পাইপ, চারটি ফোকাস বার্নার ভাল্ব এবং দু‘টি সার্ভিস টি জব্দ করা হয়। একই সাথে অবৈধ গ্যাস সংযোগটি স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।

এ ঘটনায় ছয় মাসের গ্যাস বিল ও জরিমানা বাবদ মোট ১ কোটি ৬১ লাখ ২৪ হাজার ২২৪ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মামলার ভিত্তিতে দু‘জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।