দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামে বিএনপির হামলায় তিন জামায়াত কর্মী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এমন সহিংসতায় এলাকায় নেমে এসেছে উদ্বেগ আর আতঙ্ক।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর কেন্দ্রের ভোটকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাপা উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় গত বুধবার বিএনপির দুই কর্মী তাজুল ও আমিন একই গ্রামের জামায়াত কর্মী মজিবার মাস্টারের সাথে অসদাচরণ করে। পরে এ ঘটনায় মজিবার মাস্টার দর্শনা থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে আসার পর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, নামাজ শেষে বের হওয়ার সময় জামায়াত কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
এতে জামায়াত কর্মী রহিদুল ও মোস্তাকিনসহ অন্তত তিনজন আহত হন। গুরুতর আহত রহিদুলকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, পুর্বের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



