আবুল কাশেম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসের স্থান পরিদর্শন করেছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১৬ জুন) সকালে শাহজাদপুর উপজেলার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের স্থান পরিদর্শন শেষে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সৈয়দা রিজওয়ানা হাসান মত বিনিময়কালে বলেন, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দাবিগুলো যৌক্তিক। এই বিশ্ববিদ্যালয়ের জন্য অবশ্যই একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস প্রয়োজন। একনেকে যতবারই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কথা এসেছে , ততবারই আপনাদের দাবিকে সবাই সমর্থন করেছেন। সরকারের অর্থনৈতিক সামর্থের সাথে সঙ্গতি রেখে নীতিগতভাবে পাঁচশ’ ১৯ কোটি টাকা খরচ বরাদ্দ পাস হলেও কাজ শুরুর পর পর্যায়ক্রমে তা তো একদিন শেষ হবেই।’
তিনি আরো বলেন, ‘এক সময় সিরাজগঞ্জের পরিচয় ছিল যমুনা পাড়ের সিরাজগঞ্জ, তাঁত শিল্পের পাবনা-সিরাজগঞ্জ। কিন্তু, এখন পরিচয় হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিরাজগঞ্জ। সেই সাথে এখানে আছে সবুজ গো-চারণ ভূমি।’
উপদেষ্টা বলেন, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যম্পাস প্রতিষ্ঠায় যেন পরিবেশের কোনো ক্ষতি না হয়, সেদিকে আপনারা লক্ষ রাখবেন।’
পরে উপজেলার রেশমবাড়িতে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসের স্থান পরিদর্শন করেন উপদেষ্টা।
আয়োজিত মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস এম হাসান তালুকদার, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব ড. কাইয়ুম আরা বেগম, প্রো-ভিসি ড. সুমন কান্তি বড়ুয়া, জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন, ইউএনও মো: কামরুজ্জামান প্রমুখ।



