ময়মনসিংহকে পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক নগরীতে রূপ দিতে এবার শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই স্লোগানকে সামনে রেখে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচির আওতায় জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি রোববার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমান।
রোববার (২৬ জুলাই) সকালে পাটগুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, ‘পরিচ্ছন্নতা কোনো একদিনের কর্মসূচি নয়, এটি একটি জীবনাচরণ। নাগরিকদের সচেতনতা, দায়িত্ববোধ ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা সম্ভব নয়।’
উদ্বোধনী অনুষ্ঠানে শুধু বক্তব্য দিয়েই ক্ষান্ত হননি জেলা প্রশাসক। শিক্ষার্থীদের সাথে হাতে-কলমে স্কুল প্রাঙ্গণ, শ্রেণিকক্ষ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘যেভাবে আমরা নিজের ঘর পরিষ্কার রাখি, ঠিক সেভাবেই নিজের স্কুল ও নিজের শহরকেও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার।’
তিনি জানান, ‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় এখন থেকে জেলার সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় প্রতি রোববার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে একটি সমন্বিত কমিটি গঠন করে প্রতিমাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম মূল্যায়ন করা হবে। ভালো পারফরম্যান্স করা এক বা একাধিক প্রতিষ্ঠানকে প্রণোদনা ও পুরস্কারের আওতায় আনা হবে।
জেলা প্রশাসক বলেন, ‘চকলেটের মোড়ক কিংবা ব্যক্তিগত ব্যবহারের যেকোনো আবর্জনা নির্ধারিত ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে উঠলে ভবিষ্যতে একটি দায়িত্বশীল নাগরিক সমাজ তৈরি হবে।’
পরিচ্ছন্নতা অভিযান শেষে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক মো: সাইফুর রহমান। এ সময় বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, শিক্ষক, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের প্রত্যাশা, ‘ক্লিন ময়মনসিংহ’ কেবল একটি সরকারি কর্মসূচি নয়, বরং জনসম্পৃক্ত একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে, যার মাধ্যমে গড়ে উঠবে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ময়মনসিংহ।



