সিলেট ও হবিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্য ও ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯।
এ সময় অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ছয়টি স্মার্টফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে আটক করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার সামনে চেকপোস্ট বসিয়ে ১৯ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে লালাবাজার এলাকার মাহতাজ ভ্যারাইটিজ স্টোরে অনলাইন জুয়া খেলারত অবস্থায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—জিল্লুর উদ্দিন (৩৮), সামাইন (৩০), নাইম মিয়া (৩৩) ও শাহিন মিয়া (৩৫)। তাদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন উদ্ধার করা হয়। মোবাইল ফোন যাচাই করে বিভিন্ন অনলাইন জুয়া প্ল্যাটফর্ম ব্যবহারের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
অন্যদিকে, বুধবার ভোরে হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার সামনে চেকপোস্ট বসিয়ে ১৯ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়।
আটককৃতরা হলেন—চুনারুঘাটের ছয়শ্রী গ্রামের জাবেদ মিয়া (১৯) ও একই এলাকার রুমান মিয়া (২০)। র্যাব জানায়, মোটরসাইকেলযোগে মাদক নিয়ে সিলেটের দিকে যাওয়ার সময় তাদের আটক করে সাথে থাকা ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় মোটরসাইকেলটিও।
বুধবার এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



