মহাসড়ক থেকে হকার উচ্ছেদ, সাভারবাসীর স্বস্তি

সাভারে পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার নিউ মার্কেট হতে বাসস্ট্যান্ডের কয়েকশ হকার দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
মহাসড়ক থেকে হকার উচ্ছেদে সাভারবাসীর স্বস্তি
মহাসড়ক থেকে হকার উচ্ছেদে সাভারবাসীর স্বস্তি |নয়া দিগন্ত

সাভারে পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার নিউ মার্কেট হতে বাসস্ট্যান্ডের কয়েকশ হকার দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত সাভার উপজেলা প্রশাসন এ ‍উচ্ছেদ অভিযান চালায়।

এসময় মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ কয়েকশ হকার ও দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন থেকে মহাসড়কের চার লেনের মধ্যে লোকাল দু’টি লেনের অধিকাংশ হকার দখল করে দোকান বসায়। এ কারণে ব্যস্ততম মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় যানজটে যাত্রীদের দূর্ভোগ ছিল চরমে। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সাধারণ যাত্রীসহ মানুষের যাতায়াতের দূর্ভোগের খবর প্রকাশিত হলেও প্রশাসন ছিল নিরব।

পরে সাভার উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নেতৃত্বে এ অভিযান পরিচালনা করায় সাভারের সব শ্রেণির মানুষ স্বস্তি প্রকাশ করেন। এক্ষেত্রে অতীতে বেশ কয়েকবার সকালে অভিযান পরিচালনা করলে বিকেলে পুনরায় হকাররা মহাসড়ক দখল করার মতো যেন ঘটনা না ঘটে প্রশাসনের প্রতি ভুক্তভোগীরা সে দাবি জানান।

অভিযান চলাকালে যৌথবাহিনীর বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।

সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাইফুল ইসলাম জানান, ঈদে ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে এমন অভিযান পরিচালনা করা হয়েছে। যাতে করে মহাসড়কে যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়। উচ্ছেদের পর নতুন করে কেউ যদি আবারো দোকান বসায়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।