বান্দরবানের থানচি উপজেলার নাইদারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাইঅং প্রু মার্মাকে (৪৬) অপহরণ করেছে সন্ত্রাসীরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চারজনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল বিদ্যালয় থেকে প্রধান শিক্ষককে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার পর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
অপহৃত প্রধান শিক্ষক চাইঅং প্রু মার্মা থামছি বাজার সংলগ্ন মাস্টার পাড়ার পরলোকগত মংফোঅং মার্মার ছেলে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, বেলা সাড়ে ১১টার দিকে একটি সশস্ত্র সন্ত্রাসী দল নাইদারীপাড়া স্কুলে হানা দিয়ে প্রধান শিক্ষককে নৌকাযোগে সাঙ্গু নদীপথে অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার সময় সন্ত্রাসীরা অন্যান্য শিক্ষকদের কাছ থেকে মোবাইলফোন নিয়ে যায়। খবর পেয়ে সেখানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ গিয়েছে। উদ্ধার অভিযান শুরু হয়েছে।
তবে কী ঘটনা নিয়ে এই অপহরণ তা জানা না গেলেও স্থানীয়রা জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। অপহরণকারীরা জনসংহতি সমিতির সদস্য বলে স্থানীয়রা জানিয়েছেন।



