সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি

গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা মুষলধারে বৃষ্টিপাতে নদ-নদীর পানি গত ৪৮ ঘণ্টায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কায় উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj
সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে
সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে |নয়া দিগন্ত

টানা কয়েক দিনের বৃষ্টিতে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাইসহ সব কটি নদীর পানি বাড়ছে। জেলার জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর, দিরাই, শাল্লা, বিশ্বম্ভরপুরসহ সব ক’টি উপজেলার নিম্নাঞ্চলের হাওরে ধীরে ধীরে পানি বাড়ছে।

গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা মুষলধারে বৃষ্টিপাতে নদ-নদীর পানি গত ৪৮ ঘণ্টায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কায় উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।

সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সুনামগঞ্জ শহরে ২৬৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা এ বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত।

সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে পানি বিপৎসীমার শূন্য দশমিক ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবো আরো জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার ছাতকে ৬৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, ছাতক উপজেলা পয়েন্টে সুরমা নদীর পানি ৪৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার শূন্য দশমিক ৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় গত ২৪ ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রক্তি নদীর পানি বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা পয়েন্টে ১১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার শূন্য দশমিক ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ মামুন বলেন, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বছরের সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জ ও ভারতের মেঘালয় এলাকায় আরো দুই দিন অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারি বৃষ্টি হওয়ায় সুরমা ও অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেতে পারে।