মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় একটি পরিত্যক্ত মুদি দোকান থেকে তিন বালতি তাজা ককটেল ও বেশ কয়েকটি চোরাই ব্যাটারি উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া বালতিগুলোতে আনুমানিক অর্ধশতাধিক ককটেল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা এড়াতে কয়েকদিন ধরে এলাকায় টহল জোরদার ছিল। শনিবার রাতে ঢালিকান্দি এলাকার মানিক শিকদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পাশের একটি পরিত্যক্ত দোকানের ভেতরে রাখা তিনটি লাল প্লাস্টিকের বালতি দেখে সন্দেহ হলে তল্লাশি করা হয়। পরে সেখান থেকে তাজা ককটেল উদ্ধার করা হয়। একই স্থান থেকে মোবাইল টাওয়ারে ব্যবহৃত বেশ কিছু চোরাই ব্যাটারিও জব্দ করা হয়েছে।
১৯ বীর মাওয়া সেনানিবাসের সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মালামাল স্থানীয় থানায় হস্তান্তর করা হবে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানায়, পূর্ব বিরোধের জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। শনিবার সন্ধ্যায় নোয়াদ্দা এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনে পরাজিত প্রার্থী মো: মহিউদ্দিনের সমর্থকদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ককটেল উদ্ধারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলেও জানান তারা।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে আছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি, তবে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।’
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বলেন, ‘জেলার শান্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। নাশকতা বা সহিংসতার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



