নিয়ন্ত্রিত পরিবেশে কৃষি গবেষণায় নতুন দিগন্ত, গাকৃবিতে কর্মশালা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘নিয়ন্ত্রিত পরিবেশে কৃষি গবেষণার মাধ্যমে দ্রুত প্রজনন ও সারা বছর টেকসই ফসল উৎপাদনে উদ্ভাবনী স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
নিয়ন্ত্রিত পরিবেশে কৃষি গবেষণায় নতুন দিগন্ত, গাকৃবিতে কর্মশালা
নিয়ন্ত্রিত পরিবেশে কৃষি গবেষণায় নতুন দিগন্ত, গাকৃবিতে কর্মশালা |নয়া দিগন্ত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘নিয়ন্ত্রিত পরিবেশে কৃষি গবেষণার মাধ্যমে দ্রুত প্রজনন ও সারা বছর টেকসই ফসল উৎপাদনে উদ্ভাবনী স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ আয়োজনের মধ্য দিয়ে উন্নত অটোমেশন প্রযুক্তি ও নিয়ন্ত্রিত পরিবেশভিত্তিক কৃষি গবেষণার সমন্বয়ে একটি যুগান্তকারী উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালাটি হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।

সভাপতিত্ব করেন উপ-প্রকল্প ব্যবস্থাপক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ।

কর্মশালায় ইন্ডাস্ট্রি পার্টনার হিসেবে সিনকস গ্রুপের পরিচালনা ব্যবস্থাপক নাসিক আক্কাসসহ দেশের স্বনামধন্য কৃষি গবেষণা প্রতিষ্ঠান—বারি, ব্রি, বিনা, লাল তীর, সুপ্রীম সিড, এসিআই সিড, ইস্ট-ওয়েস্ট সিড ও প্যারামাউন্ট অ্যাগ্রোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরিচালক, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সহযোগী উপ-প্রকল্প ব্যবস্থাপক প্রফেসর ড. এ কে এম আমিনুল ইসলাম। পরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান, যেখানে প্রকল্পের লক্ষ, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। প্রবন্ধ উপস্থাপনার পর ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা প্রকল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার প্রয়োগ নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, প্রযুক্তিনির্ভর কৃষি গবেষণা বর্তমান সময়ের অপরিহার্য চাহিদা। জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়ন্ত্রিত পরিবেশে উদ্ভাবনী গবেষণা ও অটোমেশন প্রযুক্তির ব্যবহার কৃষিকে আরো টেকসই ও উৎপাদনশীল করে তুলবে।

আয়োজকরা জানান, এ কর্মশালা ভবিষ্যতে গবেষণা সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।