বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান থেকেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল।
তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনায় এবং সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয়। এখান থেকেই সেক্টর ভাগ করে দেশের বিভিন্ন স্থানে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়েছিল।’
শনিবার (৪ এপ্রিল) ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে তেলিয়াপাড়া চা বাগানে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৯৭১ সালের এই দিনে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের বাংলোতে সামরিক ও রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে ৪ এপ্রিল সকাল ১১টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মির্জা ফখরুল আরো বলেন, ‘শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি, সে সময় তিনি পাকিস্তানে বন্দী ছিলেন।’
সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া বোরকা পরে তার দুই শিশুসন্তানকে নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা চলে যান।’
এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেনি, বরং বিকৃত ইতিহাস উপস্থাপন করেছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ জি কে গউছ, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা: আবু মনসুর সাখাওয়াত হোসেন জীবন, চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ ও পুলিশ সুপার তারেক মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক গোলাম মোস্তফা রফিক।



