রায়পুর ( লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রায়পুরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে প্রশাসন।
রমজান মাস উপলক্ষে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৩ মার্চ ) উপজেলা শহরের বাজারের বিভিন্ন গলিতে এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে কিছু দোকানদার ফুটপাতের ওপর পণ্যসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিলেন। এতে পথচারীরা দুর্ভোগে পড়েন।
অভিযান পরিচালনা করেন রায়পুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। এ সময় রায়পুর থানা পুলিশ ও রায়পুর পৌরসভার সদস্যরা সহযোগিতা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা জানান, রমজানে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে কেউ পুনরায় ফুটপাত দখল করলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী নেতা ইব্রাহীম খান বলেন, নিয়মিত তদারকি থাকলে রায়পুরে ফুটপাত দখলের প্রবণতা কমবে এবং পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।



