চট্টগ্রামের কর্ণফুলীতে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত শত বছরের ঐতিহ্যবাহী বৈশাখী গ্রামীণ মেলা ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ইছানগরে মরহুম আবুল কাশেম স্মৃতি বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত হয়।
মেলার মূল আকর্ষণ ছিল বলি খেলা। চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে কুস্তিগীররা বলি খেলায় অংশ নিয়ে মেলাকে প্রাণবন্ত করেন।
বলি খেলায় প্রধানত বলীর শারীরিক শক্তি ও কুস্তি কৌশল প্রদর্শনের একটি লোকজ প্রতিযোগিতা।
খেলা দেখার জন্য এলাকার বিভিন্ন স্থান থেকে লোকজনের সমাগম ঘটেছে।
বৈশাখী মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী মাটির শিল্প, বাঁশ ও বেতের সামগ্রী, ছোটদের খেলনা সামগ্রী, কাচের চুড়ি, আলতা, পাউডার, মাটির পুতুল, ঘুড়ি ও চিরুনিসহ ঘর সাজানোর জিনিসপত্রের পাশাপাশি কদমা, বাতাসা, মুড়ি-মুড়কি, জিলাপি, নিমকি ও চানাচুর ইত্যাদি মজাদার খাবারের দোকান বসে।
মরহুম আবুল কাশেম স্মৃতির সদস্য সচিব এম এ হোসাইন সাবরিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ নুরুল আলমের পরিচালনায় মেলা ও বলি খেলায় চরপাথর ঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈন উদ্দিন, কর্ণফুলী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, চরপাথর ঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা বাহার, সদস্য সচিব মোহাম্মদ সেলিম খাঁন, এস এম পেয়ার আলী, মোহাম্মদ মনোয়ার হোসেন, এম মুছা সিকদার, লন্ডনী ফরিদ, সংগঠনের আহ্বায়ক ইমরান হোসেন খোকনসহ সদস্যরা উপস্থিত ছিলেন।



