কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সরকারি সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানা গেছে, জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া সরকারি হ্যাচারি পরিদর্শন করবেন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন।
এ সময় প্রধানমন্ত্রী দেশের মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত সেরা মৎস্যচাষিদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেবেন।
এদিকে গত বুধবার রাতে প্রধানমন্ত্রীর কটিয়াদী সফরের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই মানুষের মধ্যে শুরু হয়েছে আলোচনা ও আগ্রহ। এ সফরে নিজ এলাকাসহ পুরো কিশোরগঞ্জের উন্নয়ন ও দাবিদাওয়ার বিষয়টি গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে।
এ সফরে জেলার মানুষের জন্য প্রধানমন্ত্রী কী বার্তা দেবেন, তা নিয়েই এখন কৌতূহল। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তায় সয়লাব। বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন প্রধানমন্ত্রীর কটিয়াদী সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কটিয়াদীতে আমাদের একটি বড় সরকারি হ্যাচারি আছে। এই হ্যাচারিতে তিনি সারা দেশের কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেরা মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সফর আমাকে আবেগাপ্লুত করেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি কিশোরগঞ্জের আপামর জনগণ এ খবরে ভীষণ উচ্ছ্বসিত।’
কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, ‘১৯৯৪ সালে দেশনেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কটিয়াদী এসেছিলেন। এখন তারই ছেলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের এলাকায় আসবেন। এটি আমাদের জন্য আকাশচুম্বী স্বপ্নপূরণের মতো বিষয়।’
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে ইতোমধ্যে নেতাকর্মীরা উজ্জীবিত। পুরো কিশোরগঞ্জের জনগণ দিনটির জন্য অধীর আগ্রহে রয়েছেন।’



