নারায়ণগঞ্জে বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে সংগ্রামের মতবিনিময় সভা

মোবারক হোসেন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই দৈনিক সংগ্রাম দেশের মাটি ও মানুষের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। জনগণের কাছে দায়বদ্ধতা থেকেই পত্রিকাটি নিরপেক্ষ সংবাদ পরিবেশনের চেষ্টা করে যাচ্ছে।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
নয়া দিগন্ত

নারায়ণগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে দৈনিক সংগ্রাম।

বৃহস্পতিবার নগরীর চাষাড়া এলাকার একটি মিলনায়তনে দৈনিক সংগ্রামের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পত্রিকাটির পক্ষ থেকে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অঙ্গীকারের কথা তুলে ধরা হয়।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক সংগ্রামের ম্যানেজিং ডিরেক্টর ও জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই দৈনিক সংগ্রাম দেশের মাটি ও মানুষের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। জনগণের কাছে দায়বদ্ধতা থেকেই পত্রিকাটি নিরপেক্ষ সংবাদ পরিবেশনের চেষ্টা করে যাচ্ছে।

তিনি আরো বলেন, অতীত সরকারের সময়ে বিভিন্নভাবে দৈনিক সংগ্রামের প্রকাশনা ও প্রচারসংখ্যা কমিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল। তবে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে পত্রিকাটির প্রচারসংখ্যা বৃদ্ধি এবং দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

এ সময় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ, জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মমিনুল হক সরকার, মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসেন, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক সামছুল আরেফিন, জেনারেল ম্যানেজার (জিএম) আবুল হোসেন চৌধুরী এবং মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী, স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।