গৌরীপুরে শ্রমিক নেতা হত্যার ঘটনায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

জেলা ছাত্রদলের দফতর সম্পাদক মো: সাদ্দাম হোসেন তালুকদারের সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
বহিষ্কৃত দুই নেতা
বহিষ্কৃত দুই নেতা |নয়া দিগন্ত

ময়মনসিংহের গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মানিক মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার সেলিনা (৩০) বাদি হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো চারজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হ‌য়ে‌ছে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুন্সীকে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দফতর সম্পাদক মো: সাদ্দাম হোসেন তালুকদারের সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খান এবং গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হাসান।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, ‘শ্রমিক নেতা মানিক মিয়া হত্যা মামলায় নাম আসা এবং গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা রক্ষার্থে তাদের বহিষ্কার করা হয়েছে। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনবিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ওই দুই নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না বলেও স্পষ্ট করা হয়। পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের তাদের সাথে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে একই হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুন্সীকেও দল থেকে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুইয়ার সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল ইসলাম শামছু।

নিহতের পরিবারের অভিযোগ, গত ৩০ জুন রাত ১১টার দিকে গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শোয়েব মুন্সী ও তার সহযোগীরা মানিক মিয়াকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করে গুরুতর আহত করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মানিক মিয়া গৌরীপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার আজিবুল ইসলামের ছেলে।

নিহতের ভাই সুখ মিয়া অভিযোগ করেন, ‘জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তার ভাইকে মারধর করা হয়। পরে অভিযুক্তদের লোকজন হাসপাতালেও প্রভাব খাটিয়ে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করে।’

তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরো চারজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’