গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) জোহরে নামাজের পর কুমিল্লা নগরীর টাউন হলের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কান্দিরপাড় লিবার্টি চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মু. মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সেক্রেটারি মু. মাহবুবুর রহমান।
এসময় কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, নাছির আহম্মেদ মোল্লাসহ কুমিল্লা মহানগর জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা, অগ্নি-সংযোগ ও নৈরাজের প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।



