নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে অনিয়ম দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য (এমপি) বিশ্বাস জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা, রোগীদেরকে সরকারি ওষুধ না দিয়ে বাইরে থেকে ওষুধ কেনার পরামর্শ দেয়া, সরকারি অ্যাম্বুলেন্সে সেবা না দিয়ে ভাড়ায়চালিত অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনসহ বিভিন্ন অভিযোগের কথা জানতে পারেন।
এসব অনিয়মের বিষয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: পার্থ প্রতীম বিশ্বাসের কাছে জানতে চাইলে আরএমও কোনো সদুত্তর দিতে পারেননি।
এসময় অনিয়মের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি প্রথম পরিদর্শনে এসেছি। বেশকিছু অনিয়ম দেখতে পেলাম। আমি আর কোনো অনিয়ম দেখতে চাই না। যথাযথ স্বাস্থ্যসেবার নিশ্চয়তা চাই।
পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ শোয়াইব, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



