খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সিন্ডিকেটের ছয় সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২০ জুন) ভোররাতে নগরীর ধাপ জেল রোড আরজি ডায়াগোনোস্টিক সেন্টারের পাশের ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— নগরীর সাতগাড়ার মোবারক আলীর ছেলে বাঁধন মিয়া (৩৭), কামালকাছনার চিড়ার মিল এলাকার ফেরদৌস আলমের ছেলে তাওরাত আকরাম, (২৭), পরশুরামের ধাপ মোহাম্মদপুর এলাকার মরহুম মজিবর রহমানের ছেলে সাহেব আলী (২৬), বদরগঞ্জের তালুক দামোদারপুরের এমদাদুল হকের ছেলে আতিকুর রহমান (৩৪), দিনাজপুরের পার্বতীপুরের তেলিপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে হাফিজ আল মামুন (২০) ও আশরাফুল ইসলাম (৩৬)।
এ সময় গোয়েন্দা পুলিশ তাদের কাছ থেকে ১৫টি স্ট্যাম্প, আটটি স্বাক্ষর করা চেক, তিনটি জাতীয় পরিচয়পত্র, চারটি মূল সার্টিফিকেট, পাঁচটি মোবাইলফোন জব্দ করে।
বিকেলে মহানগর ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতাররা মোটা অঙ্কের টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে খাদ্য বিভাগসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্ন পত্র ফাঁস, প্রক্সি পরীক্ষা দেয়ার সিন্ডিকেটের সাথে জড়িত। এর মাধ্যমে অনেকেই প্রতারিত হচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।



