তাড়াশে যৌন নিপীড়ন মামলার আসামি গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম খান জানান, আসামি বর্তমানে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।

Location :

Sirajgonj
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বদরুল আমিন সোহাগ
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বদরুল আমিন সোহাগ |নয়া দিগন্ত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে আলোচিত যৌন নিপীড়ন ও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত প্রধান আসামি জহুরুল ইসলাম খোকনকে দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী বদরুল আমিন সোহাগ।

বদরুল আমিন সোহাগ বলেন, বিষমডাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের যৌন হয়রানি মামলার এক মাস পার হলেও অভিযুক্ত মূল আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

তিনি দ্রুততম সময়ের মধ্যে প্রধান আসামিকে গ্রেফতারের জোর দাবি জানান। একই সাথে কোনো নিরপরাধ শিক্ষক যেন অযথা হয়রানির শিকার না হন, সেদিকেও নজর দেয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে বিষমডাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জহুরুল ইসলাম খোকন, সহকারী শিক্ষক বিকাশ সরকার ও সুজন কুমার মাহাতোর বিরুদ্ধে প্রতিষ্ঠানের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম খান জানান, আসামি বর্তমানে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিষমডাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নুসরাত জাহান বলেন, ঘটনার তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হয়েছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি।