তানোরে ৪০০ অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা বিতরণ

সমাজে মানবিকতা ও দানশীলতার চর্চা বাড়াতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলায় প্রায় ৪০০ জন দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
তানোরে ৪০০ অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা বিতরণ
তানোরে ৪০০ অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা বিতরণ |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলায় প্রায় ৪০০ জন দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত এ সহায়তা ঈদের আগেই বিতরণের পরিকল্পনা ছিল। কিন্তু ব্যাংক বন্ধ থাকা এবং প্রশাসনিক কিছু প্রক্রিয়াগত কারণে বিতরণ কার্যক্রমে বিলম্ব হয়েছে। তবে তালিকাভুক্ত কোনো উপকারভোগী বঞ্চিত হবেন না এবং সবাই তাদের প্রাপ্য সহায়তা পাবেন বলে তিনি আশ্বাস দেন।

তিনি বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে মানুষ শুধু সহায়তা গ্রহণকারী হিসেবে নয়, বরং একসময় সহায়তা প্রদানকারী হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। ক্ষুদ্র ব্যবসা, গবাদিপশু পালন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন আত্মনির্ভরশীল উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষকে স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, ইসলামের শিক্ষা অনুযায়ী সমাজে মানবিকতা, সহমর্মিতা ও দানশীলতার চর্চা বাড়াতে হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

জাতীয় বাজেটে জনগণের কল্যাণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে সংসদে প্রস্তাব উত্থাপনের চেষ্টা করবেন বলেও উল্লেখ করেন তিনি। একই সাথে যাকাত ও অন্যান্য সহায়তা বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা এবং মানবিকতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা আইসিটি প্রোগ্রামার কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মইনুল হোসেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, শিক্ষা বিভাগের সভাপতি ড. মো: ওবায়দুল্লাহ, তানোর উপজেলা আমির মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিমসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আমির-সেক্রেটারিবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপজেলার প্রায় ৪০০ জন দুস্থ, গরিব ও অসহায় মানুষের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন অধ্যাপক মুজিবুর রহমান এমপি। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকার, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।