এইচএসসির দ্বিতীয় দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৯৫৬ পরীক্ষার্থী, বহিষ্কার ২

‘বোর্ডের অধীন ছয় জেলার ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লা শিক্ষা বোর্ড
কুমিল্লা শিক্ষা বোর্ড |ফাইল ছবি

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল এক হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে এদিন দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বোর্ডের অধীন ছয় জেলার মোট ৭৩ হাজার ৮৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১ হাজার ৮৯১ জন পরীক্ষায় অংশ নেয়। ফলে অনুপস্থিত ছিল এক হাজার ৯৫৬ জন, যা মোট পরীক্ষার্থীর দুই দশমিক ৬৫ শতাংশ।

জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো— কুমিল্লায় ৬০৭ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৫৫ জন, চাঁদপুরে ২৯৪ জন, ফেনীতে ১৬৬ জন, নোয়াখালীতে ৪২৩ জন ও লক্ষ্মীপুরে ২১১ জন। এছাড়া কুমিল্লা ও নোয়াখালীর দু’টি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: আহসান পারভেজ বলেন, ‘বোর্ডের অধীন ছয় জেলার ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। সার্বিকভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।’