মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামের প্রবাসী জাহিদুল সরদার (৪৮) ইরাকে স্ট্রোক করে ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত বাংলাদেশ সময় আনুমানিক ১টার দিকে হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
মৃত জাহিদুল গোদাশিমুলিয়া গ্রামের মরহুম বানু সরদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ইরাকে কর্মরত ছিলেন জাহিদুল সরদার। বৃহস্পতিবার দিবাগত রাত বাংলাদেশ সময় আনুমানিক ১টার দিকে হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের মেয়ে জানান, রাত আনুমানিক ২টার দিকে তারা বাবার মৃত্যুর সংবাদ পান।
নিহতের স্ত্রী উজুফা বেগম বলেন, ‘তিনি পরিবারের সুখের আশায় দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হঠাৎ তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছি।
তিনি আরো বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন বিদেশে থেকে পরিবারের জন্য কষ্ট করে কাজ করেছেন। এখন তার মৃত্যু হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, যেন দ্রুত তার লাশ দেশে আনার ব্যবস্থা করা হয়।’
এলাকাবাসী জানায়, জাহিদুল সরদার অত্যন্ত শান্ত, ভদ্র ও পরিশ্রমী মানুষ ছিলেন। পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্যের আশায় দীর্ঘদিন ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করে আসছিলেন তিনি।
এদিকে, লাশ দেশে আনার জন্য পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন বলে জানা গেছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



