ঈদগাঁওতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা

‘এই সহযোগিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জামায়াতে ইসলামী যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।’

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা |নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁওতে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে উপজেলার জালালাবাদ ইউনিয়নের মনজুর মৌলবীর দোকান এলাকায় অর্ধশত মানুষের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদির নেতৃত্বে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলার সভাপতি তৈয়ব উদ্দিন, জালালাবাদ ইউনিয়ন আমীর সোলাইমান মোর্শেদ এবং সেক্রেটারি কামরুল হাসান বায়েজিদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আর্থিক সহায়তা প্রদানকালে শহিদুল আলম বাহাদুর বলেন, ‘দেশে যদি কোরআনের শাসন কায়েম করা যায় তাহলে রাষ্ট্রীয়ভাবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন করার উদ্যোগ গ্রহণ করা হতো। অন্য কোনো আইন দিয়ে এটি সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই বিত্তবানরা ক্ষতিগ্রস্তদের পাশে এগিয়ে আসুক।’

উপকারভোগীরা বলেন,‘এই সহযোগিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জামায়াতে ইসলামী যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আশা করি, ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবেন।’