মেহেরপুর সদর উপজেলার বন্দর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শোভন (১৮) ও নয়ন (১৮) নামে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শোভন সদর উপজেলার বন্দর ক্লাবপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং নয়ন খন্দকারপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শোভন ও নয়ন একটি মোটরসাইকেলে করে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। বন্দর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কলাবোঝাই একটি ট্রাকের সামনে গিয়ে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুজনেই রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর সেলিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



