এনসিপির দক্ষিনাঞ্চলীয় মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘বিএনপি প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের কথা বলছে আর গোপনে ‘না’ ভোটের পক্ষে কাজ করছে। এটা তাদের ভোট নেয়ার কৌশল তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। এই ওপেন গোপন অবস্থান বাদ দিতে হবে।’
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরের কাউনিয়া বালিকা মডেল স্কুল মাঠে রংপুর-৪ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী আখতারের নির্বাচনী পদযাত্রার সভায় এ কথা বলেন তিনি।
কাউনিয়া উপজেলা জামায়াত আমির আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ দক্ষিনাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মনিরা শারমীন, শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত , জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপিরি যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন প্রমুখ।
সমাবেশে গণভোটে ‘না’ এর পক্ষ নিয়ে জাতীয় পার্টিকে মৃত উল্লেখ করে নির্বাচনের মাধ্যমে জানাযা হবে দাবি করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের আমির ডা: শফিকুর রহমান ও আধিপত্যবাদবিরোধী সকল রাজনৈতিক দল প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। ভারতের বিজেপি’র বাংলাদেশের শাখা জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে জাতীয় পার্টি অলরেডি মৃত হয়ে গেছে। ১২ তারিখ নির্বাচনের মাধ্যমে বাংলার জনগণকে সাথে নিয়ে দলটির জানাযা কফিনে শেষ পেরেক মেরে জানাজা পড়িয়ে ফেলবেন।’
বিএনপিকে উদ্দেশ্য করে হাসনাত অভিযোগ করে বলেন , ‘ আপনারা যদি একজনকে আজীবন ক্ষমতায় দেখতে না চান, দুর্নীতি, চাঁদাবাজ আর দখলবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাইলে হ্যাঁ ভোট দিতে হবে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ আমাদের টাকা নাই। চাঁদাবাজদের চাঁদা নিয়ে নির্বাচনে আসি নাই। আমরা টেন্ডারবাজীর অর্থ দিয়ে নির্বাচন করতে আসি নাই,, আমরা ঋণ খেলাপিদের জীবন জাহান্নাম বানিয়ে দিতে এসেছি। ‘
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ মাদক দিয়ে যাদের জীবিকা চলে তাদের কাছ থেকে সমাজ কখনো ভালো কিছু প্রত্যাশা করতে পারে না। সেই ধরণের প্রার্থীকে বাংলার মানুষ আর চায় না। এবারের নির্বাচন শুধু ক্ষমতা কাঠামো পরিবর্তনের নির্বাচন নয়, এবারের নির্বাচন বাংলাদেশকে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ মুক্ত করার নির্বাচন।’
এর আগে আসিফ মাহমুদ জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাত করেন। অপরদিকে হাসনাত আব্দুল্লাহ হারাগাছসহ বিভিন্ন এলাকায় পদযাত্রা করে শাপলা কলির পক্ষে ভোট চান। পরে পীরগাছায় আখতারের নির্বাচনী জনসভায়ে যোগ দেন এনসিপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।



