নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের বালু দক্ষিণপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বালু দক্ষিণপাড়া গ্রামটি দীর্ঘকাল ধরে অবহেলিত। হেলাল উদ্দিনের বাড়ি থেকে মধুর বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটারের এ সড়ক সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে এ রাস্তা দিয়ে কোনো রিকশা বা জরুরি সেবার অ্যাম্বুলেন্সও গ্রামটিতে যেতে না। ফলে প্রসূতি মা ও মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতে অবর্ণনীয় কষ্ট পোহাতে হয়।
তারা বলেন, বর্ষা মৌসুমে স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাঁটু সমান কাদা মাড়িয়ে তাদের স্কুল-কলেজে যেতে হয়। অনেক সময় জামা-কাপড় কাদাময় হয়ে যাওয়ায় তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে না। এছাড়া রাস্তাটি কাঁচা ও ভাঙাচোরা হওয়ায় কৃষিপণ্য পরিবহনেও কৃষকদের গুনতে হচ্ছে দ্বিগুণ খরচ। গত সাত মাস আগে রাস্তা নির্মাণ শুরু হলেও এখনো আলোর মুখ দেখেনি সড়কটি।
বক্তারা আরো বলেন, নির্বাচনের সময় প্রার্থীরা রাস্তাটি নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর কেউ খোঁজ নেন না। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের কাছে একাধিকবার গিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে রাস্তা নির্মাণের কাজ শুরু করা না হলে উপজেলা পরিষদ ঘেরাওসহ তারা আরো কঠোর কর্মসূচি পালন করবেন।
এ সময় তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।



