দিনাজপুরে তাপদাহে জনজীবন বিপর্যস্ত, ১ জনের মৃত্যু

প্রখর রোদের তাপদাহে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় পাশর্বর্তী দোকানদার ও ব্যবসায়ীরা স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুরের ম্যাপ
দিনাজপুরের ম্যাপ |ফাইল ছবি

দিনাজপুরে প্রখররোদের তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র গরমে চিরিরবন্দরে হিট স্ট্রোকে জিয়াউর রহমান জিয়া (৪৫) নামে এক মুদি ও পান দোকানদারের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারে এই ঘটনা ঘটে।

মৃত জিয়া ওই ইউয়িনয়নের মন্টু শাহপাড়ার মরহুম থেলু মোহাম্মদের ছেলে।

এলাকাবাসী জানায়, প্রখর রোদের তাপদাহে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় পাশর্বর্তী দোকানদার ও ব্যবসায়ীরা স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে গরমের তীব্রতা বাড়ার পাশাপাশি চলছে অসহনীয় লোডশেডিং। দিনাজপুর শহরে ২৪ ঘণ্টার মধ্যে ২৪ বার বিদ্যুৎ আসা-যাওয়া করে। সবচেয়ে বড় বিপাকে পড়েছেন ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যানচালকরা। বিদ্যুৎ সংকটের কারণে বাহনগুলো ঠিকমতো চার্জ দিতে পারছেন না তারা। ফলে কর্মঘণ্টা কমে যাওয়ায় তাদের দৈনিক আয় অর্ধেকে নেমে এসেছে, যা তাদের জীবনযাত্রাকে মারাত্মক সংকটে ফেলেছে।

দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে দিনাজপুর জেলাসহ এর আশপাশের জেলা গুলোর ওপর দিয়ে একটি মৃদু তাপ প্রবাহ বিরাজ করছে। সোমবার থেকে তাপ প্রবাহটি প্রশমিত বা এর তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে। বিভাগের দুই-এক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৭ থেকে ৯ তারিখের মধ্যে বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।