ফরিদপুর-৪ আসনে পলাতক সাবেক এমপিকে পুনর্বাসনের অপচেষ্টার অভিযোগ

সংবাদ সম্মেলন থেকে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উস্কানি ও সহিংসতার অভিযোগে মুজাহিদ বেগের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, তথাকথিত স্বতন্ত্র প্রার্থীর নামে হুমকি ও কালো টাকার ব্যবহার বন্ধ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করাসহ তিন দফা দাবি জানানো হয়।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
ছবি : নয়া দিগন্ত

ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে আওয়ামী লীগের পলাতক ও অবৈধ সাবেক সংসদ সদস্যকে পুনর্বাসনের অপচেষ্টা এবং স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগের সমর্থকদের দ্বারা অপপ্রচার, হুমকিসহ বিভিন্ন অভিযোগে সর্বদলীয় সংগঠন ‘৩৬ জুলাই বিপ্লব’র আয়োজনে সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা উপজেলা শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা লিখিত বক্তব্যে অভিযোগ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও নস্যাৎ করার সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই অপচেষ্টা চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, এই ষড়যন্ত্র বাস্তবায়নে মুজাহিদ বেগ নামে একজনকে ‘ডামি প্রার্থী’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি এলাকায় উস্কানি দিয়ে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, এলাকায় দীর্ঘদিন ধরে একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ বিরাজ করলেও সম্প্রতি পলাতক নিক্সন চৌধুরী মুজাহিদ বেগের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন।

নেতারা বলেন, ভাঙ্গায় সংঘটিত সাম্প্রতিক সহিংস ঘটনার ক্ষত এখনো শুকায়নি। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

সংগঠনের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়, পলাতক ওই সাবেক এমপি বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছেন এবং অবৈধ কালো টাকা ব্যবহার করে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

তারা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে এই এলাকার মানুষ নতুন স্বপ্ন ও সম্ভাবনা দেখছিল। আমরা চাই না সেই অন্ধকার সময় আবার ফিরে আসুক।

সংবাদ সম্মেলন থেকে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উস্কানি ও সহিংসতার অভিযোগে মুজাহিদ বেগের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, তথাকথিত স্বতন্ত্র প্রার্থীর নামে হুমকি ও কালো টাকার ব্যবহার বন্ধ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করাসহ তিন দফা দাবি জানানো হয়।

একইসাথে ‘৩৬ জুলাই বিপ্লব’র নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না হলে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন এলাকায় শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচির মধ্যে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের কথাও জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল চৌধুরী, গণঅধিকার পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান, মো: আহাদ মিয়া, রিয়াজুল ইসলাম, রিফাক আহমেদ প্রমুখ।