শ্রীনগরে অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ৭

দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও দু’জন নারী রয়েছেন। তারা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

Location :

Sreenagar
দুর্ঘটনাকবলিত অটোরিকশা
দুর্ঘটনাকবলিত অটোরিকশা |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গর্ভবতী নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের আটপাড়া এলাকায় তন্তর অভিযোগ কেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও দু’জন নারী রয়েছেন। তারা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

আহতদের মধ্যে এক গর্ভবতী নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায়, সিএনজিটি মুন্সীগঞ্জের দয়াল বাজার থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে শ্রীনগরের তন্তর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা পিকআপ চালককে আটক করে রাখে। পরে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে তাদের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের মধ্যে একজন গর্ভবতী নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।