কালিয়াকৈরে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নারীসহ নিহত ৪

বড়চালা এলাকায় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

নয়া দিগন্ত অনলাইন
দুর্ঘটনা-কবলিত সিএনজিচালিত অটোরিকশা
দুর্ঘটনা-কবলিত সিএনজিচালিত অটোরিকশা |সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে কালিয়াকৈর উপজেলার ধামরাই-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে একটি অটোরিকশা ফুলবাড়িয়া থেকে পাঁচজন যাত্রী নিয়ে ধামরাইয়ের দিকে যাচ্ছিল। পথে বড়চালা এলাকায় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী জাহিদ ও তার ছেলে নিহত হন। জাহিদের স্ত্রী ও অপর তিনজনকে গুরুতর আহত হলে তাদের স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা জাহিদের স্ত্রীসহ দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহিদ বগুড়া জেলার ধনুট উপজেলার ঈশ্বর ঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। লাশগুলো উদ্ধার করে আইনানুগ ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে। ঘাতক কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

সূত্র : ইউএনবি