নাটোরের নলডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকরা জানান, জাতীয় কবির সাহিত্য, সংগীত ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা অ্যাকাডেমির যৌথ উদ্যোগে নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২ থেকে ৪ জুলাই পর্যন্ত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক, প্রেম ও সাম্যচেতনার গান, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খাঁন, পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মো: আবু তাহের, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: নূরে আলম, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু, পৌরসভার সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, উপজেলা শিল্পকলা অ্যাকাডেমির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



