শিবচরে ‘পদ্মা পাড়ে জীবন যুদ্ধ’ শীর্ষক বন্যা ও দুর্যোগ মোকাবিলা মাঠ মহড়া

পদ্মা পাড়ের মানুষের জীবন-সংগ্রাম, বন্যা পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে এটি বাস্তবায়ন করে এসডিএস নামের একটি প্রতিষ্ঠান।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Madaripur
বন্যা ও দুর্যোগ মোকাবিলা মাঠ মহড়া
বন্যা ও দুর্যোগ মোকাবিলা মাঠ মহড়া |নয়া দিগন্ত

মাদারীপুর জেলার শিবচরে ‘পদ্মা পাড়ে জীবন যুদ্ধ’ শীর্ষক বন্যা ও দুর্যোগ মোকাবিলা শীর্ষক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বাংলাবাজার এলাকায় পদ্মানদীর পাড়ে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মাহফুজ আলমের গল্প অবলম্বনে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় মহড়াটি অনুষ্ঠিত হয়। এটি পরিবেশন করেন অদিতি শিল্পিগোষ্ঠি।

শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাঈদ আহমেদ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন জানান, পদ্মা পাড়ের মানুষের জীবন-সংগ্রাম, বন্যা পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে এটি বাস্তবায়ন করে এসডিএস নামের একটি প্রতিষ্ঠান।

মহড়ায় আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে সামাজিক সুরক্ষা এবং জলবায়ুর ঝুঁকি মোকাবিলার নানা কৌশল দেখানো হয়। এমন দুর্যোগে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন কেন্দ্র, প্রাণী সম্পদ আশ্রয়, জরুরি স্বাস্থ্য সেবায় তাৎক্ষনিক কি করণীয়, কোথায় আশ্রয় নিতে হয়, এসব বিষয়ের ওপর জোর দেয়া হয়।

এ সময় পদ্মা পাড়ের শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ মহড়া দেখেন। পাশাপাশি তাদের নানা প্রশ্নের উত্তর খুঁজে নেন।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যার ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই দুর্যোগের আগে সচেতনতা বৃদ্ধি, আগাম সতর্কবার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেয়া এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি গ্রহণ করা জরুরি। এ ধরনের মহড়া স্থানীয় জনগণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগকালীন জানমাল ও জীবিকার ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রকিবুল ইসলাম, শিবচর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন কুমার ঘোষ, ডব্লিউ এফ পি-এর খুলনা অঞ্চল প্রোগ্রাম অ্যাসোসিয়েট তাসনীম তাবাসসুম, প্রকল্প সমন্বয়কারী মাহফুজুল হকসহ প্রমুখ।