মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সঙ্কট

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও অনেক সময় যথাসময়ে ডাক্তার পাওয়া যায় না। এছাড়াও হাসপাতালে দালালদের দৌরাত্ম্য রয়েছে।

রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Madaripur
মাদারীপুরের ম্যাপ
মাদারীপুরের ম্যাপ |ফাইল ছবি

৫০ শয্যার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের ৪০টি পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন ৩০ জন। তাদের মধ্যে ঢাকায় সংযুক্তি রয়েছেন ছয়জন, মাদারীপুরে দুইজন এবং শিক্ষা কোর্সের ছুটিতে আছেন তিনজন। সব মিলিয়ে দেখা যাচ্ছে, ৪০ জন ডাক্তারের মধ্যে মাত্র ১৯ জন রাজৈর উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা দিতে পারছেন। ফলে উপজেলার সাধারণ মানুষ যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এদিকে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কোনো এমবিবিএস ডাক্তার নেই। রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, রোগীদের দীর্ঘ লাইন এবং যথাযথ চিকিৎসা না পাওয়ার আকুতি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এনেস্থেসিয়া বিভাগের ডাক্তার জাবেদ দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগী জানান, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও অনেক সময় যথাসময়ে ডাক্তার পাওয়া যায় না। এছাড়াও হাসপাতালে দালালদের দৌরাত্ম্য রয়েছে। বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের এজেন্টরা ডাক্তারের সাথে যোগসাজশ করে রোগীদের ফুসলিয়ে প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এতে রোগীরা ব্যয়বহুল চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা: মো: শামীম আক্তার বলেন, ‘হাসপাতালটিতে ৪০ জন ডাক্তারের পদ থাকলেও আমরা মাত্র ১৯ জন নিয়ে কাজ করে যাচ্ছি। অনতিবিলম্বে শূন্য পদগুলোতে ডাক্তার নিয়োগ জরুরি।’