মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, ‘এলাকার সব জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে বিএনপি সরকার কাজ করবে। এলাকার চা-জনগোষ্ঠী, নৃ-গোষ্ঠীসহ যে ২৯টি জাতিগোষ্ঠীর বসবাস, প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। সেগুলো রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।’
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পর্যটন নগরী শ্রীমঙ্গলের প্রবেশদ্বার চা কন্যা ভাস্কর্যের সামনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে নিজ এলাকায় এসে তিনি এসব কথা বলেন।
মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘এই বিজয় আমার একার নয়, এলাকার সব নেতৃবৃন্দের ও সাধারণ মানুষের কষ্টের ফসল। আপনারা যে আমাকে ফুলের তোড়া দিয়েছেন, সেটি উপজেলা বিএনপির আহ্বায়কের মাধ্যমে উপজেলা ও পৌরবাসীকে উৎসর্গ করলাম। আমার উদ্দেশ্যই হচ্ছে শ্রীমঙ্গল-কমলগঞ্জকে ঢেলে সাজানো এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করা।’
তিনি বলেন, ‘মৌলভীবাজার জেলার প্রবেশদ্বার সাতগাঁও ইউনিয়নের ‘চা কন্যা ভাস্কর্য’ এলাকার সড়কটি ঝুঁকিপূর্ণ। এখানে প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক ছবি তুলতে আসেন। কিন্তু হাইওয়ে সড়কের পাশেই ছবি তোলার কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই আমি সড়কটি প্রশস্ত করার জন্য সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীলদের প্রতি অনুরোধ করব, এই এলাকাটি দেখে যেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেন। যাতে শ্রীমঙ্গলে পর্যটকরা এসেই একটা ভালো অনুভূতি পায়।’
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, সদস্য ইয়াকুব আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, সদস্য সৈয়দ সালাহউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কদর আলী, জেলা যুব দলের সহ-সভাপতি নিয়ামূল হক তরফদার, উপজেলা ছাত্রদলের সভাপতি জালাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মুজিবুর রহমান চৌধুরী শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালে ভর্তি সব রোগীদের জন্য দুধ সরবরাহ করেন। হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন। এছাড়া স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।



