বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ধলা মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে দন্ডিত ব্যক্তিকে আর্থিক জরিমানাও করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর ) রাত ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও বকশীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে এ শাস্তি দেয়া হয়।
ধলা মিয়া বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের মরহুম আবুল হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌর এলাকার পাখিমারা থেকে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করে এই সাজা দেয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানায়, পৌর এলাকা পাখিমারা গ্রামে গোপনে মাদক সেবন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় ধলা মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ (এসআই) সায়োরার খান রাসেলসহ সঙ্গীয় ফোর্স।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



