০৫-০৭-২০২৬ চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৫ জুলাই) ভোররাতে আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর পূর্বপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মো: তাহের (৫৫)। সে আলমডাঙ্গা থানার দুর্লভপুর পূর্বপাড়া গ্রামের মরহুম সোহরাব উদ্দীনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আজ ভোর ৪টা ১০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই মো: তোরগুল হাসান সোহাগ এবং এএসআই মো: ফজলুল করিমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল দুর্লভপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালায়।
অভিযানকালে তাহেরের নিজ বাড়ি ঘেরাও করে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১১৯ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
জেলা পুলিশ জানায়, চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করতে এই ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।
গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশ।


