রাঙ্গামাটিতে ২৫০ শয্যার নতুন হাসপাতাল ভবন উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগের আয়োজনে রাঙ্গামাটি সদর হাসপাতাল প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দীপেন দেওয়ান বলেন, ‘রাঙ্গামাটির নতুন হাসপাতাল ভবন চালুর মাধ্যমে এ অঞ্চলের মানুষ আধুনিক স্বাস্থ্যসেবায় আরো একধাপ এগিয়ে গেল।’
তিনি বলেন, ‘পার্বত্য এলাকার প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আধুনিকায়নে উদ্যোগ নেয়া হবে এবং বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানে সরকারের কাজ চলমান রয়েছে।’
এ সময় রাঙ্গামাটির দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাপ্তাই হ্রদে ওয়াটার অ্যাম্বুলেন্স সেবা চালু করা হবে বলেও জানান পার্বত্য মন্ত্রী।
পরে মন্ত্রী ফলক উন্মোচন করে হাসপাতাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি সদর সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: একরামুল রাহাত, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রীতি প্রসূন বড়ুয়া, রাঙ্গামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমা, রাঙ্গামাটি জেনারেল হাসাপাতালে আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবরসহ অন্যরা।



