নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রফতানিমুখী ‘নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড’ কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন।
বুধবার (৬ মে) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো পৌরসভার যাত্রামুড়া স্লুইজ গেইট এলাকায় তারা এ অবরোধ কর্মসূচি পালন করেন।
শ্রমিকরা জানান, নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড কারখানায় তুলা থেকে সুতা উৎপাদন করা হয়। সেই সুতা বিদেশে রফতানি করা হয়। এ কারখানায় সাত শতাধিক শ্রমিক কাজ করে। তিন মাসের বকেয়া বেতনের জন্য মালিকপক্ষের সাথে শ্রমিকদের একাধিকবার বৈঠক হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (৬ মে) বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। শ্রমিকরা পুনরায় বকেয়া বেতনের দাবি জানালে মালিকপক্ষ বেতন দিতে অপারগতা প্রকাশ করে। পরে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে।
একপর্যায়ে তারা কাজে যোগ না দিয়ে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে ছয় কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথচারী ও পরিবহনের যাত্রীরা।
খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ দুপুর দেড়টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিকপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের শান্ত করে। এ সময় মালিকপক্ষ আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) সকালে বেতন-ভাতা পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, দুপুর দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি শান্ত রয়েছে।



