নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, ‘চলনবিল অধ্যুষিত সিংড়ায় একটি আধুনিক মৎস্য আহরণ কেন্দ্র গড়ে তোলা হবে। কৃষি ও মৎস্য খাতে উন্নয়নের মাধ্যমে এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’
শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার ধুলাউড়ী ও মইশাগাড়ী বিলে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে ৪১০ মিটার ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
এমপি আনু বলেন, ‘শহীদ জিয়ার আদর্শের কর্মীরা কোনো অপরাধ করতে পারে না। বিএনপির কেউ অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবে না। তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন।’
তিনি আরো বলেন, ‘যারা ধানের শীষ প্রতীকে ভোট দেয়নি, তারা প্রকৃত বিএনপির কর্মী হতে পারে না। আগে দলের আদর্শ ধারণ করতে হবে, এরপর নিজেদের বিএনপির লোক হিসেবে পরিচয় দিতে হবে।’
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী সাহাবিবুল আসমা, বিএডিসি (ক্ষুদ্র সেচ) এর সহকারী প্রকৌশলী মানিক রতন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুবেল আমিন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেট, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ স্থানীয় নেতারা।



