দিনাজপুরের গোর-এ শহীদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এই মাঠে জেলার বিভিন্ন স্থান থেকে তিন লক্ষাধিক মুসল্লি অংশ নেন।
দিনাজপুর পৌরসভা সূত্র জানায়, ওজু ও যানবাহন রাখার ব্যবস্থা, মেডিক্যাল টিম, খাবার পানিসহ প্রায় দেড় শতাধিক মাইক রাখা হয়। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি গম্বুজ ও মিনারে বৈদ্যুতিক লাইটিং করা হয়।
সকাল থেকে মাঠে আসতে শুরু করেন মুসল্লিরা। এই জামাতে ইমামতি করেন দিনাজপুরের বিশিষ্ট আলেমে দ্বীন হেফাজতে ইসলাম জেলা শাখার আমির আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমী। এখানে নামাজ আদায় করেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিশু-কিশোর ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।



