শিবচরে আগুনে ৭ দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন। অল্প সময়ের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে এবং একের পর এক দোকানে ছড়িয়ে পড়ে।

Location :

Madaripur
শিবচরে সোতারপাড় বাজারে আগুনে পুড়ে গেছে সাতটি দোকান
শিবচরে সোতারপাড় বাজারে আগুনে পুড়ে গেছে সাতটি দোকান |নয়া দিগন্ত

আহসান হাবীব, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে সোতারপাড় বাজারে ভয়াবহ আগুনে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন।

সোমবার (১৬ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপাড় বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন। অল্প সময়ের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে এবং একের পর এক দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট। এর আগেই পুড়ে ছাই হয়ে যায় গার্মেন্টস, ফার্মেসিসহ সাতটি দোকান।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, ‘সাতটি দোকানসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঈদের পূর্ব মুহূর্তে এই লোকগুলোর দুরবস্থা দেখে খুবই খারাপ লাগলো। চরম আর্থিক সঙ্কটের মধ্যে পড়ে গেলেন তারা।’

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তপন পাল বলেন, ‘আগুনে সাতটি দোকান পুড়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’