বড়াইগ্রামে মহাসড়কের পাশ থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

বড়াইগ্রাম উপজেলায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির থেঁতলানো মাথাসহ রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির মুখে দাড়ি এবং পরনে লুঙ্গি, সাদা রঙের ফুলহাতা শার্ট ও নেভি ব্লু রঙের একটি জ্যাকেট ছিল।

মন্তাজুর রহমান রানা, বড়াইগ্রাম (নাটোর)

Location :

Baraigram
বড়াইগ্রাম থানা
বড়াইগ্রাম থানা |ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির থেঁতলানো মাথাসহ রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার শ্রীরামপুর আইড়মারী ব্রিজ-সংলগ্ন বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক এলাকার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি, বয়স আনুমানিক ৫০ বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কয়েকজন পথচারী মহাসড়কের পাশে ঘাসের ওপর রক্তের দাগ ও একটি রক্তাক্ত গামছা পড়ে থাকতে দেখেন। পরে কিছুটা এগিয়ে মহাসড়কের পাশের নিচু জমিতে ওই ব্যক্তির মাথা থেঁতলানো লাশ পড়ে থাকতে দেখেন তারা। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, ওই ব্যক্তির মুখে দাড়ি এবং পরনে লুঙ্গি, সাদা রঙের ফুলহাতা শার্ট ও নেভি ব্লু রঙের একটি জ্যাকেট ছিল। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনাস্থল থেকে লাশের পাশে এবং কাছাকাছি একটি সেতুর ওপর থেকে দু’টি রক্তাক্ত কম্বল ও একটি বাসের সিট উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য কোথাও ভারী কোনো বস্তু দিয়ে মাথা থেঁতলে ওই ব্যক্তিকে হত্যা করে পরে কম্বল দিয়ে ঢেকে লাশটি এখানে এনে ফেলে রেখে গেছে।

Topics